
লালন ফকিরের এই আয়না অখণ্ড, অপরিচ্ছিন্ন। এখানে অতীত, বর্তমান ভবিষ্যৎ একটা ইতিহাসে গাথা কাহিনীর মত। যিনি সমগ্র ইতিহাসখানি গভীর অভিনিবেশ সহকারে পাঠ করেছেন তাকে অতীতের কথা জিজ্ঞাসা করা হলে যেমন স্পষ্ট বলে দেবেন তেমনই বলতে পারবেন ভবিষ্যতের কথাও। তার কাছে স্বতন্ত্র সময় বলে কিছু নেই। এই বিশ্বব্রহ্মাণ্ড সবটাই কুলকুণ্ডলিনী দ্বারা রচিত। যেখানে সৃষ্টি সেখানেই কুলকুণ্ডলিনী। এই যে গতিশীল শক্তি যিনি নিজের দেহের স্থির কারাগার থেকে অর্থাৎ মূলাধার থেকে তাকে জাগিয়ে সহস্রারের মহাশূন্যতা পর্যন্ত ধাবিত করাতে পারেন স্তরে স্তরে সেই শক্তি এক একটি নির্দিষ্ট বৃত্ত পর্যন্ত সব কিছুই জাগ্রত কুণ্ডলিনী ব্যক্তিকে দর্শন করাতে পারে। এই বৃত্ত যে আমাদের পার্থিব জগতের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। সীমাহীন এই সৃষ্টির সর্বত্রই সে প্রবাহিত হয়ে দেশ (space) দেশান্তর, নক্ষত্র নক্ষত্রান্তর, ছায়াপথ ছায়াপথান্তর সব প্রদর্শন করাতে পারে। কুলকুণ্ডলিনীর এই চরিত্র যারা জানেন তারা বহু বিচিত্র দর্শনে বা শ্রবণে বিভ্রান্ত বোধ করেন। পৃথিবীর বাইরে, আমাদের সৌরজগতের বাইরে, আকাশ ভ্রমণের সময় (Astral travel) যোগীরা এই জন্য বিচিত্র দর্শনের অভিজ্ঞতা অর্জন করেন।
কুলকুণ্ডলিনী সহস্রারে উঠলে যোগী জীবনে পূর্ণতা লাভ করে। তখন আপনা আপনিই যোগীর মধ্যে অন্যান্য গুণাবলী ফুটে ওঠে। যোগীর মধ্যে মহৈশ্বর্য, মহাবিদ্যা, শৌর্য ও জ্ঞান ফুটে উঠে। কুলকুণ্ডলিনী তখন দেহের উত্তুঙ্গ স্থানে উঠে পার্বতী বা পর্বতবাসিনী হন। ব্রহ্মরন্ধ্রটি হল মানব দেহের সর্বোচ্চস্থান। সুতরাং তাকে পর্বত বলা যায়। কুলকুণ্ডলিনী এখানে উঠলে দেবী তাই পার্বতী হন। ইদানিং বৈজ্ঞানিক ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে যে, সে যেরকম চিন্তা করে তার সেই চিন্তা রূপ হয়ে দেশে অর্থাৎ আত্মায় আটকে থাকতে পারে। ক্যামেরার চোখেও চিন্তার রূপ ধরা পড়েছে। এই ধরনের ফটো তোলার নাম হয়েছে থটোগ্রাফী। বিজ্ঞানীরা নানাভাবে চিন্তা করে দেখবার চেষ্টা করেছেন যে মনের চিন্তার এই ছবি ওঠে কি ভাবে। এই ছবি যতক্ষণ সৃষ্টি আছে- ততক্ষণ সৃষ্টির বুকে স্থায়ী হয়ে থাকে। ধ্যানে থেকে কেউ যদি এই ছবি দেখেন তাহলে হয়তো মনে হতে পারে যে দেবতা দর্শন হল। আসলে দেবতা টেবতা সবই অরূপ। রূপ ধরেন মানুষেরই চিন্তার ফলে। আর মানুষ যদি সেই রূপে বিশ্বাস করেন তাহলে সেই রূপই সত্য হয়ে যায়। যুগ যুগ সঞ্চিত বহু মানুষের বিশ্বাস বাস্তব সত্য হিসেবে মূর্তির মধ্যে দেখা দিতে পারে।
পদার্থ বিজ্ঞানে পরীক্ষা করে দেখা গেছে যে, সমগ্র সৃষ্টিই মানস উপাদানে তৈরি। অরূপের মধ্যেও মানসশক্তি রূপ তৈরি করতে পারে। যারা দেহতত্ত্বের ভিত্তিতে শক্তির দেবদেবী রূপ কল্পনা রচনা করেছেন কম বেশি তাদের দেবদেবীর রূপকল্পনার মধ্যে একটা সামঞ্জস্য আছে, যেমন সাধক রামপ্রসাদ ও কমলা কান্তের রূপকল্পনার মধ্যে। এই শক্তিকে রূপের মধ্যে যারা কল্পনা করেছেন তারা ভক্তিভাব ঢেলে দিয়ে আবার দেবদেবীর নতুন রূপ দিয়েছেন। কোনো রূপই কিন্তু মিথ্যে নয়। চিন্তা যখন আত্মায় ছবি আঁকতে পারে তখন ভক্তির ভাবনা অনুযায়ীই শক্তি রূপ ধারণ করতে পারবে না কেন? প্রাচীনকালের সাধকেরা আত্মিক শক্তির বলে অনেকগুলি বৈজ্ঞানিক সত্যের কাছাকাছি আসতে পেরেছিলেন। এদের মধ্যে দুটি চিত্ররূপ তো রীতিমত বিজ্ঞান ভিত্তিক। তার মধ্যে একটি কালী, আর একটি তারা। কালী হলেন আদ্যাশক্তি। মহাশূন্যতায় কোনো এক বিন্দুতে সৃষ্টির উপাদান অত্যন্ত ঘনীভূত হয়ে ছিল। এত ঘনীভূত হয়েছিল যে আর ঘনীভূত হওয়া সম্ভব ছিল না। এর পরে অন্তস্তলীয় আকর্ষণ সেই নাস্তি প্রায় অস্তিত্বকে আরো ভেতরের দিকে টানতে গেলে সেই উৎস সে টানের আকর্ষণ আর সহ্য করতে পারেনি। তা বিস্ফোরিত হয়ে প্রচণ্ড বেগে ছড়িয়ে পড়ে। সেই ছড়িয়ে পড়ার গতি এত তীব্র হয় যে বাইরে থেকে তা দর্শন করা সম্ভব ছিল না। সেই উৎসকে অনেকে নিউট্রন ফিল্ড বলেছেন। চায়ের চামচের এক চামচ নিউট্রন হয়তো কয়েক হাজার টনের মত হবে। এই নিউট্রন বিস্ফোরিত হয়ে স্বতন্ত্র নিউট্রন সমূহ তৈরি করে। সেই নিউট্রন থেকে ১০/১৫ মিনিটে স্বতই একটি প্রোটন ও ইলেকট্রন বেরিয়ে আসে। ফলে সৃষ্টির প্রথম উপাদান দেখা দেয়। অর্থাৎ অণু জন্মগ্রহণ করে। অণু নিজেই যে একটি পূর্ণ একক তা নয়। অণু বিশ্লেষণ করে দেখা গেছে যে তিনটি পার্টিকল দিয়ে অণু গঠিত। অণুর কেন্দ্রস্থলে রয়েছে নিউট্রন ও প্রোটন। প্রোটন নিউট্রনকে ঘিরে কত প্রচণ্ড বেগে ঘুরছে তা জানা যায় না। নিউট্রন থেকে ইলেকট্রনেরও জন্ম হয়েছে। ইলেকট্রন আবির্ভূত হয়েই প্রতি সেকেন্ড অণুকেন্দ্রকে ৬০০ মাইল বেগে পরিক্রমা করছে। তার ফলে অণুর অস্তিত্ব সৃষ্টি হচ্ছে। ঘটনাটি তিন ব্লেড ওয়ালা একটি পাখার মত। যদি পাখা স্থির থাকে তাহলে তার তিনটি ব্লেডকে স্বতন্ত্রভাবে দেখা যাচ্ছে। কিন্তু তীব্রবেগে ঘুরলে ডানা অর্থাৎ ব্লেডগুলিকে স্বতন্ত্রভাবে আর দেখা যাচ্ছে না। তখন পাখার ব্লেডগুলিকে অবিচ্ছিন্ন একটি চাকতির মত দেখা যাচ্ছে। সেই হিসেবে বস্তু বলতে আমরা যা বুঝি তা বস্তুই নয়। একটি এনার্জি মাত্র। এতে গতিসঞ্চার হলে mass form করে। নাহলে এ হল এক ধরনের এনার্জি শুধু। এই জন্যই বস্তুজগতকে শঙ্করবাদীরা মায়া বলে বর্ণনা করেছেন। শক্তির গতিই বস্তুসাত্তিক উপাদান তৈরি করে। আইনস্টাইন E=mc2-এ সে কথা প্রমাণও করে দিয়েছেন।
অণুর এই গঠন পদ্ধতিকে ঋষিপুরুষেরা দিব্যসত্তা দান করেছে। আদি যে নিউট্রন তা কোনো কাজ করে না। স্বতই তা থেকে স্বতন্ত্র নিউট্রন সমূহ বেরিয়ে আসে। সেই নিউট্রন থেকে স্বতই প্রোটন ও ইলেকট্রন বেরিয়ে আসে। এই নিউট্রনকে ব্রহ্মা বলা হয় অর্থাৎ আদি মানসসত্তার ঘনীভূত রূপ। তা থেকেই প্রোটন ও ইলেকট্রন আপনা আপনিই বেরিয়ে এসে সৃষ্টির বস্তুগ্রাহ্য উপাদান অণু সৃষ্টি করছে। অণুর স্থান হচ্ছে দেশে। ফলে অণুসৃষ্টির সঙ্গে সঙ্গে দেশ-(space)ও সৃষ্টি হচ্ছে। এই দেশেই বস্তুগ্রাহ্য জগৎ স্থান লাভ করে আছে। অণুকেন্দ্রের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণন গতিবেগে মাস (mass) সৃষ্টি করছে। ভারতীয় ঋষিরা সৃষ্টির এই তিনটি উপাদানকে দেবতার রূপ দান করে আমাদের কাছে উত্থাপন করেছেন। যেমন, নিউট্রন হল ব্রহ্মা, যিনি সৃষ্টি করেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না। এই ব্রহ্মা বা নিউট্রন ফিল্ড থেকে কিছু এলে তা দেশে (স্পেস) স্থান লাভ করে। এই দেশকেই ভারতীররা বিষ্ণু বলে উল্লেখ করেছেন। গতিদ্বারা পার্টিকুলগুলি বস্তুসত্তা প্রাপ্ত হচ্ছে। এই গতিকে বলে অপটিমাম মোশন। সৃষ্টির এই গতিময়তাকে বলা হয়েছে শিব। এই জন্য ভারতে পরস্পর যুক্ত ত্রিমূর্তির কল্পনা করা হয়েছে এলিফ্যান্টা গুহায় আরও স্পষ্ট করে এর ভাস্কর্য মূর্তি গড়া হয়েছে। তিনটি মূর্তি পরস্পর অবিচ্ছেদ্য রূপে খোদিত হয়েছে। কারণ সৃষ্টির ক্ষেত্রে এই তিনের একটা থাকলেই সৃষ্টি হবে না। এই তিনদেবতার মধ্যে কেউ বড় কেউ ছোট নয়। এরা সবাই সমান। এলিফ্যান্টার ভাস্কর্য মূর্তিতে এই বোধ যে ভারতীয়দের ছিল তার প্রমাণ পাওয়া যায়।
এলিফ্যান্টাগুহায় ত্রিমূর্তির মধ্যে মাঝখানের মুখটি অত্যন্ত প্রশান্ত। এটিই নিউট্রনের প্রতীক। যার ধনাত্মক বাঋণাত্মক কোনো চার্জই নেই। মূর্তিটির ডানদিকে পুরুষাত্মক মুখ। ইনিই দেশ বা বিষ্ণু। বিষ্ণু হলেন phenomenon of space । দ্রাবিড়দের থেকেই এই বিষ্ণু শব্দটি এসেছে। বিষ্ণু শব্দের উৎসে দ্রাবিড় ‘বিন’ অর্থাৎ আকাশ শব্দটি রয়েছে। ইলেকট্রনের গতিকে শিব বলা হচ্ছে। একটা নির্দিষ্ট গতি আছে বলেই সৃষ্টি টিকে আছে। নইলে সব ভেস্তে যেত। অণুকেন্দ্রের চারদিকে ইলেকট্রন প্রতি সেকেন্ড ৬০০ মাইল বেগে ঘোরে। যদি এই গতি আরও একটু বেশি হত তাহলে ইলেকট্রন ছিটকে যেত। সৃষ্টি হত না। এর গতি যদি একটু কম হত তাহলে ইলেকট্রন প্রোটনের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যেত অর্থাৎ সৃষ্টি বলতে কিছু থাকত না। ভারতীয় ভাস্করেরা এই গোপন বৈজ্ঞানিক তত্ত্ব জানতেন বলে এই ভাবে ত্রিমূর্তির কল্পনা করেছিলেন।

বহু দেবদেবী যে দেখি তাদের অধিকাংশই ধনাত্মক দৃষ্টি থেকে জন্মাছে। আদ্যা-শক্তি সম্পর্কে অর্থাৎ কালী সম্পর্কে যা বলতে যাচ্ছিলাম তাই আগে বলা যাক । আদি নিউট্রন ফিল্ড বিস্ফোরিত হলে যে প্রচণ্ড গতিতে শক্তি প্রান্তের দিকে ধাবিত হয় সেই শক্তির গতি পরিমাপ করা সম্ভব নয়। এর গতি এত বেশি যে এই ধাবমান অন্ধকারকে পাঁচলক্ষ বছর ধরে বাইরে থেকে দেখা যায়নি। এই প্রচণ্ডগতি ধাবমান অন্ধকার কোন্ গুণের (সত্ত্ব, রজ ও তমঃ) প্রাধান্যে গুণবতী তা আজও অনুমান করা সম্ভব হয়নি। এই যে গুণ তাকেই বলে পাশ যা দ্বারা আমরা আবরিত হয়ে আছি। এইজন্য প্রচণ্ড আদ্যাশক্তি বিবস্ত্রা। তাঁর রঙ কালো এই কারণে যে, সৃষ্টি থেকে পাঁচ লক্ষ বছর পর্যন্ত দৃষ্টির অগোচরেই তিনি ছিলেন। তবে তার কালী নাম কিন্তু এসেছে গতি থেকে। গতি থেকেই কালের (সময়ের) সৃষ্টি। কালের জন্মদাত্রী বলেই তিনি কালী।
চুল দ্বারা প্রচণ্ড শক্তি বোঝাচ্ছে। পৃথিবীর সব দেশেই চুল শক্তির প্রতীক। বাইবেলে স্যামসনের শক্তির গোপন উৎস ছিল চুল। এমনি দেখা যায় শিশুকালে মানুষ বিরল কেশ থাকে। তরুণ হলে ঘন চুল গজায়। বার্ধক্যে আবার চুল কমে যায়। সুতরাং চুল শক্তিরই প্রতীক। এইজন্য কালীর এলোকেশ রয়েছে। গলায় মুণ্ড মালা কেন? দেবীর সমগ্রশক্তিই চিৎসত্তা সম্পন্ন। এই শক্তি আদি বিস্ফোরণের পর ৫১টি কোয়ান্টাম লীপ রূপে ঊর্ধ্ব থেকে প্রান্তের দিকে নেমে এসেছে। এই কোয়ান্টাম লীপগুলিও চিৎশক্তি সম্পন্ন। কালীই সমগ্র বিশ্বাত্মিক শক্তি। একান্নটি কোয়ান্টাম লীপের প্রত্যেকটাই চিৎ সম্পন্ন। ফলে জগতে জড় বলে কিছু নেই।
সবই চিৎশক্তিময়। পাহাড়, পর্বত, নদ, নদী, গাছ-গাছালী সবই চিৎসত্তাময়। ইদানিং বিজ্ঞানের গবেষণায় জড় অজড় সর্বত্রই এই চিৎশক্তির পরিচয় পাওয়া গেছে। চৈতন্যশক্তি মানুষের মাথায় থাকে। মা হলেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড। সুতরাং মায়ের বুকে পঞ্চাশটি মুণ্ডমালা (একটি অদৃশ্য মুণ্ড ঘাড়ের পেছনে রয়েছে)। হাতে রয়েছে একটি যা সৃষ্টি করছে। সব শুদ্ধো মায়ের অঙ্গে রয়েছে একান্নাটি মুণ্ড। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই চিৎশক্তিময়। মহাশূন্যতার বুকে যেখানে শক্তি নিষ্ক্রিয় সেখানেও সুপ্ত রূপে এই চিৎশক্তি বর্তমান। সুতরাং শাক্ত কবি যে গান লিখেছেন “ব্রহ্মাণ্ড ছিল না যখন মুণ্ডমালা কোথায় পেলি।” তার জবাব হল এই যে, এই মহাশক্তি যে জগৎ সেই জগৎই চিৎশক্তিময়। মায়ের স্বভাবের মধ্যেই রয়েছে মুণ্ড অর্থাৎ চিৎশক্তি। শূন্যের বুক থেকে যখনই তিনি সৃষ্টি রূপে বেরিয়ে পড়েন তখনই তার চিৎশক্তিময় ধাপগুলিও প্রকাশিত হয়। এইজন্য শূন্যতাতেও তিনি আছেন, সৃষ্টিতেও তিনি আছেন। এই জন্য মায়ের মুণ্ডমালা সুপ্ত অবস্থাতে ও জাগ্রত অবস্থাতে সর্বত্রই বর্তমান রয়েছে। সৃষ্টিরূপে তিনি মুণ্ডমালাময়। সৃষ্টির পূর্বে সৎ-এর সঙ্গে একাত্মরূপে বিরাজমানা। মুণ্ডমালা মায়ের সহজাত।
মা অধিকাংশ ক্ষেত্রেই দক্ষিণাকালীরূপে চিত্রিত। দক্ষিণ চরণ সামনে প্রসারিত হলে বোঝায় সম্প্রসারণ। বামপদ আগে দেখালে বোঝায় প্রত্যাহার। মায়ের যে চারটি হাত রয়েছে তা হল শক্তির আদি বিস্ফোরণ জাত ছিটকে বেরিয়ে আসা symmetry breaking-এর চারটি শক্তি, যেমন- strong nuclear force, electromagnetic force, gravity এবং weak nuclear force। সৃষ্টি স্থিতি ধ্বংসের সব ইতিহাসই রয়েছে এখানে। হাতের ভঙ্গী ও মুদ্রাগুলি দিয়ে এই চারটি শক্তিকেই বোঝানো হয়েছে। করালবদনী শ্যামা যে দীর্ঘ বিলম্বিত জিহ্বা প্রসারিণী এরও অর্থ আছে। যোগীরাই এই বিলম্বিত জিহ্বার অর্থ বোঝেন। এ হল ভূমিত্যাগ কালে যোগীর খেচরী মুদ্রা। এই জিহ্বাই ভূমিত্যাগের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। যে ব্রহ্মময়ী এই বিশ্বজগৎ তৈরি করেছেন তিনিই তার ব্যালান্স রক্ষা করেন। খেচরীমুদ্রা দ্বারা তাই বোঝানো হয়েছে। বাম নিম্ন করে যে মুণ্ড ধারণ করে আছেন তা হল সৃষ্টির প্রতীক। বাম ঊর্ধ্বকরের অসি হল ধ্বংসের প্রতীক অর্থাৎ weak nuclear force-এর প্রতীক।
বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে মায়ের এই মূর্তি মিলে যায় বলে এই ধরনের ব্যাখ্যাকেই সঠিক বলে মনে হয়। তবে অনেকেই এমনকি শাস্ত্রগ্রন্থেও উলঙ্গিনী মায়ের যোনিক্ষেত্র ঘিরে হাতের মালা লাগানো হয়েছে এমন বলেছেন। একে বলা হয়েছে মানুষের কর্ম যার দ্বারা মৃত্যুর পর নতুন জন্মে জাতকের ভাগ্য নির্ধারিত হবে। এমনকি কানের দুল হিসেবে দুটি বালককেও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসবই যিনি যেমন ভেবেছেন তারই চিত্র। ভাবনা হলেই রূপ হয়। দেশে (space) সেই রূপই হয়তো ধরা পড়ে আছে।
বাঙালি একজন বৈজ্ঞানিক সজল বন্দ্যোপাধ্যায় একটি যন্ত্র আবিষ্কার করেছেন—যার নাম unisonic। হেডফোন কানে দিয়ে কেউ যদি চোখ বুজে গান শোনেন তাহলে দেখা যাবে মানসনেত্রে গানের ভাব বা বিষয়টি রূপ ধরে নৃত্য করছে। সুতরাং নাম হলেই যে তার রূপ হয় এ চিন্তাটি বৈজ্ঞানিক ভাবেই প্রমাণিত।
আসলে দেবদেবীর যে রূপ কল্পনা করে আমাদের কাছে রাখা হয়েছে তা মিথ্যে নয়। দেবদেউলে যেসব মূর্তি অঙ্কিত বা খোদাই করা হয়েছে তা বিশেষ এক ধরনের ভাষা। মানুষের মন থেকেই তার সৃষ্টি। এই ভাস্কর্যরূপ পাঠ করতে পারলেই তার বক্তব্য প্রকাশিত হয়ে যায়। তারা নিয়ে সাধকদের চিত্তে যে বক্তব্য প্রকাশ পেয়েছিল সেই অনুপাতেই তার রূপও গড়ে উঠেছিল। তারা হলেন আকাশ। আদ্যাশক্তি তার অতিরিক্ত গতির জগৎ পার হলেই আকাশ রূপ দেশ সৃষ্টি করেন। তন্ত্রভিত্তিক ধ্যানে এই অঞ্চলটি পড়ে বিশুদ্ধ চক্রে। কুলকুণ্ডলিনী বিশুদ্ধ চক্রে উঠলে দেশ ঘোরতর নীল বর্ণ হিসেবে দেখা দেয়। তারা মূর্তি যারা চিন্তা করেছিলেন তারা তাই এই শক্তির বর্ণ করেছিলেন নীল। তান্ত্রিকেরা দ্বিতীয় এই মহাবিদ্যার নাম করেছেন তারা। কালী আদ্যাশক্তি রূপে রমণী হিসেবে বর্ণিতা কারণ মহাশূন্যতা থেকে জাগ্রত হয়ে এই আদ্যাশক্তিই সরাসরি সম্পর্কে তার সঙ্গে যুক্ত। এই সরাসরি যোগকে তান্ত্রিকেরা রমণক্রিয়া বলে বর্ণনা করেছেন।
পুরুষ ও প্রকৃতির ডাইরেক্ট এই সম্পর্ককে রমণক্রিয়া রূপে বর্ণনা করা হয়েছে। এই জন্যই কালীর এক নাম রমণী। দ্বিতীয় মহাবিদ্যা হিসেবে শক্তির এই স্তর আকাশ স্বরূপ। আদ্যাশক্তি দ্বারা সৃষ্ট এই দ্বিতীয় শক্তিস্তরে আদ্যাশক্তি জাত বিশ্বব্ৰহ্মাণ্ড স্থান লাভ করে আছে। এই স্থান মাতৃ অঙ্কে শিশুর স্থান লাভের মত। এই জন্য শক্তির এই দ্বিতীয় স্তরকে জননী বলা হয়েছে।
তারার এই কনসেপ্ট পূর্বভারতে সীমান্ত অঞ্চল যেমন নেপাল, ভুটান, ও চীন থেকে এসেছিল মনে হয়। জবা অর্থাৎ china rose দিয়ে এইজন্যই তাকে পুজো করা হয়। এই অঞ্চলকে হিমবতপার্শ্ব নামে উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলে তাকে স্থাপন করেছিলেন বশিষ্ঠ মুনি। তিনি চীন দেশে গিয়ে ভারতে তারা সাধনার ধারা নিয়ে আসেন। এই জন্যই বলা হয়েছে:
“ততো গত্বা মহাচীন দেশে জ্ঞানময়ী মুনিঃ।
দদর্শ হিমবত পার্শ্বে সাধকেশ্বর সোধকে।”
পূর্বভারতের উপজাতিরাই এই তারা মূর্তি পুজো করতেন। অন্তরীক্ষ ব্যাপী প্রাণাগ্নিশক্তির পুরুষ শক্তির প্রাচীন চৈনিক নাম হল তাও। চিনাভাষায় অন্তরীক্ষ বা দ্যুলোকের নাম তায়েন। এই প্রাণাগ্নি শক্তির প্রকৃতির নাম—তায়েন-রা (অগ্নিদেবী), তাও বা তারা।
দেশ যদিও সীমিত। তবু গোলাকৃতি হবার জন্য edgeless। সুতরাং তাকে অসীম দেখায়। এই জন্য তিনি অনন্ত নাগদ্বারা বেষ্টিতা। কালশক্তি কালীর সঙ্গে তার নিবিড় সম্পর্ক। আদ্যাশক্তি কালীর গতি যদি অব্যবহিত বিস্ফোরণোত্তর হয়ে থাকে তাহলে দেশ ছোট হবে। গতি কমে এলে দেশ বড় হবে। আইনস্টাইন ছোট একটি উদাহরণ দিয়ে একে স্পষ্ট ভাবে বুঝিয়েছেন। যেমন যদি একটি ট্রেনে বসে কোনো যাত্রী স্টেশন অতিক্রম করে যান তাহলে স্টেশনের দৈর্ঘ্যকে তিনি ছোট করে দেখবেন। যদি গাড়ির গতি কম হয় তাহলে স্টেশনের দৈর্ঘ্যকে বড় করে দেখবেন। দেশ ও কাল অবিচ্ছেদ্য। গতির তারতম্যে কাল কখনও দীর্ঘ হয় আর দেশ ছোট হয়। আবার কখনও কালের গতি বাড়লে দেশ ছোট হয়ে যায়। সুতরাং দু’য়ের সম্পর্ক অবিচ্ছেদ্য। দেবীকে ব্যাঘ্র চর্ম পরিধান করানো হয়েছে তার গতি হিসেবে। তিনিও মহাকাল বা শিবের উপর দাঁড়িয়ে আছেন। তাকে ব্যাঘ্রচর্ম পরিয়ে শক্তির মাত্রা বোঝানো হয়েছে। বাহুতে অনন্ত নাগ বসানো হয়েছে তার সীমাহীন ব্যাপ্তি বোঝানোর জন্য। দশমহাবিদ্যার অন্য কোনো বিদ্যা শিবের বুকের উপর দাঁড়িয়ে নেই। তাই ফকির লালন সাঁইজি গেয়েছেন-
“কোন প্রেমে মা কালী
পদতলে মহেশ্বর বলি
লালন বলে ধন্য দেবী
জয় জয় হরি।।“
সাধকেরা যে চিন্তার উপর এই রূপ অঙ্কন করেছেন সেই চিন্তার উপরই তিনি জীবন্ত প্রতিমা হিসেবে দেশে জেগে উঠেছেন। এই শক্তির স্বরূপ বুঝলেও ভক্তেরা বন্ধনমুক্ত হন। তারা শব্দটির উদ্ভব তারণ শব্দ থেকে। সুতরাং দেবদেবীরা মানসশক্তি দ্বারাই সৃষ্ট।
অনন্ত বিশ্বের শেষ সীমা কোথায় আজও কোনো মুনি ঋষি বা বিজ্ঞানী অনুমান করতে পারেন নি। তন্ত্রমতে ধ্যানে বসে নিজের ভেতর বিপুল বিরাট বিশ্ব দেখে যোগীরা পর্যন্ত বাক হারিয়ে বিহ্বল হয়ে যান। এখানে এমন সব গ্রহ গ্রহান্তর আছে যেখানে জীবন্ত এই দেবীমূর্তি দেখা যায়। তবে সবই দেখতে মানুষের মত দ্বিহস্ত দ্বিপদযুক্ত। কারো কাঁধে দশমাথা আছে, পার্শ্বদেশে দশ বা কুড়ি হাত আছে এমন চিত্র আমার নজরে পড়েনি। সৃষ্টি যে উৎস থেকে ফুটে উঠেছিল সেখানে ফিরে যেতে পারলেই মানুষের জানার বৃত্ত শেষ হয়ে যায়। সুতরাং সৃষ্টিরহস্য ভেদ করার জন্য মনুষ্যরূপী দেহের বাইরে ভিন্ন কোনো দেহযন্ত্রের প্রয়োজন নেই। দেবদেবী রূপে হস্তপদাদি যুক্ত করা হয়েছে দেবদেবীদের শক্তির মাত্রা বোঝাবার জন্য।

সাধকেরা কোথা থেকে যে দেবীমূর্তির ক্লু পেয়েছিলেন তা বলা কষ্টকর। আমাদের মন হল সীমিত মন। কুলকুণ্ডলিনীকে জাগাতে পারলে তাকে অসীমত্বের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। অনেকে আবার ইউনিভার্সাল যে মন আছে সীমিত মনকে তার সঙ্গে যুক্ত করতে পারেন। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড যে মানসশক্তি দ্বারা সৃষ্ট বিজ্ঞানই বর্তমান কালে তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। সেই অসীম মানসের সঙ্গে যুক্ত হয়ে তবেই যোগীরা এইসব দেবদেবীর চিন্তা করেছিলেন কিনা সেকথাও স্পষ্ট করে বলা যায় না। মন এক বিচিত্র রহস্যের বিস্তার। বাইরের জগৎকে যদিও ধারণার মধ্যে আনা যায় মনের সাম্রাজ্যের প্রান্তদেশে পর্যন্ত এখনও যাওয়া সম্ভব হয়েছে বলে মনে হয় না। এই জন্য অধিমনোবিজ্ঞান বিচিত্র ভাবে তার সাধনা আরম্ভ করেছে। রহস্যের বাক্স খুলে একটা পর একটা শুধু রঙই বের হচ্ছে। পেঁয়াজের খোসার শেষ বন্ধনটি এখনও খোলা যায়নি। সাধনা চলছে। মনের বিস্তৃত অঞ্চল আবিষ্কার করতে পারলে আরো কি যে দেখা যাবে কে জানে!
কে এতদিন জানতো যে, বিশ্বব্রহ্মাণ্ডে জড় বলে কোনো কিছু নেই? প্রাণ এবং মনের স্পন্দনে সবই স্পন্দিত? কে জানতো যে একটি উদ্ভিদের মধ্যে কুড়িটিরও বেশি ইন্দ্রিয় কাজ করে? সেই জন্য নিরামিষ আহার করলেই অহিংসা হয় না। তান্ত্রিকেরা এটা বুঝেছিলেন বলে শক্তির এক বিচিত্র রূপ কল্পনা করেছিলেন- ছিন্নমস্তা। সমগ্র জগৎই তিনি। নিজেকে বলি দিয়ে নিজেই আহার করছেন। বিশ্বাত্মার সঙ্গে একত্র হতে পারলে তবেই ভেদজ্ঞান ঘুচে যায়। তখন খাদ্যখাদক ভেদাভেদ থাকে না।
তারাপুরে বশিষ্ঠই হোন বা অন্য কেউই হোন যিনি এই শক্তির স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন তিনি যথার্থই তারা যে জননী সেকথা বুঝতে পেরেছিলেন। তারাপীঠে এখন যে তারা মূর্তি দেখা যায়—সেটাই যথার্থ তারা নন। এটি একটি কভার মাত্র। আসল মূর্তি রয়েছে কভার-এর নিচে। সেখানে তারা সমুদ্রমন্থন জাত বিষপানে উন্মত্ত শিবকে স্তন্য পান করাচ্ছেন এই মূর্তি আছে। সম্ভবত সমুদ্রমন্থনেরও দৃশ্যের কল্পনা প্রাচীন ঋষিরা করেছিলেন আমাদের এই ছায়াপথের ছবি দেখে। যোগীরা যন্ত্র ছাড়াই মহাকাশের অনেক কিছুই লক্ষ্য করেছিলেন। ঋগ্বেদের দশম মণ্ডলে এমনই একটি সূক্ত আছে। তাতে বলা হয়েছে যে, আমাদের এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই সূর্য অন্য কোনো কেন্দ্রকে পরিক্রমা করছে। আমাদের ছায়াপথও অন্যকোন কেন্দ্রকে ঘূর্ণায়মান অবস্থায় পরিক্রমা করছে।
তিনশ বছর আগে কোপারনিকাস ইউরোপে একথা বলবার সাহস দেখাতে পারেন নি। গ্যালিলিও বলতে গিয়ে জেল খেটেছেন। নিউটন অকাট্য প্রমাণ দিলে তবে ইউরোপ ধীরে ধীরে সব মেনে নিয়েছে।
এই ঘূর্ণায়মান ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে এসে যা-ই আকৃতি গ্রহণ করেছে তাইই বিষ। এই বিষ থেকেই বিষয় শব্দটি এসেছে। জেনে ফকির কহে-
অনিত্য দেহেতে বাসা
তাইতে এত আশার আশা।
লালন ফকির বলে দেহ নিত্য হলে
আর কতো কি করতাম না জানি।
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।
এই বিষকে সত্য বলে ধরে নেওয়াই বিষপান তুল্য। তারার জননীত্ব অনুভব করতে পারলেই এই বিষ সম্পর্কে জ্ঞান হয়। তখন বিশ্বরহস্যের একটি জট খুলে যায়। ফলে এই জ্ঞানই মাতৃস্তন্য তুল্য। এইরকম কোনো সত্যবোধই পরবর্তীকালে সমুদ্রমন্থন জাত গল্পের জন্ম দিয়েছে। পৌরাণিক কাহিনী হয়েছে। প্রত্যেকটি পৌরাণিক কাহিনীই এক ধরনের প্রতীকী গল্প। ভেদ করতে পারলে যথার্থ জ্ঞান হয়।